Close Menu
New Press
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    New PressNew Press
    Subscribe
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলাধুলা
    • আলোচিত খবর
    New Press
    Home»International»শেখ হাসিনাকে নিয়ে যে চেষ্টা বার বার ব্যর্থ দিল্লি
    International

    শেখ হাসিনাকে নিয়ে যে চেষ্টা বার বার ব্যর্থ দিল্লি

    H.billalBy H.billalNovember 13, 2026 3:18 PMNo Comments7 Mins Read
    Facebook Twitter Pinterest Reddit Telegram LinkedIn Tumblr VKontakte WhatsApp Email
    Share
    Facebook Twitter Reddit Pinterest Email

    চব্বিশের জুলাইয়ে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে আশ্রয় নিয়েছেন ভারতে। প্রায় সোয়া দুই বছররের ওপর হলো সেখানেই রয়েছেন তিনি। এরই মধ্যে দেশের আদালতে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এ ছাড়া কয়েকমাস আগে বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফিরবেন এবং এখন পর্যন্ত সেই ঘোষণাতেই অনড় আছেন বলে খবর আন্তর্জাতিক গণমাধ্যমের। যদিও ফেরার কোনো নির্দিষ্ট দিনতারিখ জানাননি তিনি।

    এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে এই মুহুর্তে তার ‘হোস্ট কান্ট্রি’ আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি ভারত। কিন্তু তার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে? এই ঘোষণার নেপথ্যে দিল্লিরও কি কোনও ভূমিকা আছে? এই ‘প্রত্যাবর্তনে’র পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনও তৎপরতা দেখাচ্ছে? পুরো বিষয়টি এবং এই সংক্রান্ত নানা দিক কীভাবে দেখছে দিল্লি , সেই প্রশ্নগুলোরই উত্তর খুঁজে এক প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা।

    শেখ হাসিনার ঘোষণার সঙ্গে ভারতের যোগ কতটা?

    বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, এর সহজ উত্তর হলো— ভারতের প্রচ্ছন্ন সম্মতি বা অনুমোদন ছাড়া শেখ হাসিনা নিজে থেকে এই ঘোষণা করেননি।

    অন্যভাবে বললে, শেখ হাসিনা ও দিল্লি— দু’পক্ষই এই ব্যাপারে একমত হয়েছে বলেই এই ঘোষণা এসেছে।

    দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি যে ভারত সরকারের জন্য ক্রমশ বিব্রতকর একটা ইস্যু হয়ে উঠেছে, এটা কোনও গোপন বিষয় নয়। শুধু ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতকে শুনতে হচ্ছে যে গণহত্যায় অভিযুক্ত একজন দণ্ডিত অপরাধীকে তারা দিনের পর দিন আশ্রয় দিয়ে রেখেছে।

    ভারতের জন্য সম্ভবত সবচেয়ে ভাল সমাধান হতো যদি তিনি তৃতীয় কোনও দেশে চলে যেতে পারতেন। কিন্তু অতীতে বারবার নানা দেশের সঙ্গে দিল্লির এ নিয়ে কথাবার্তা হলেও নানা কারণে সেই চেষ্টা সফল হয়নি।

    ফলে ভারত এখন মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করা এবং সে দেশে বিচারের মুখোমুখি হওয়াটাই একমাত্র বাস্তবসম্মত অপশন।

    বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করতেও শেখ হাসিনার নিজের সে দেশে ফেরা ছাড়া আর কোনও বিকল্প নেই – সেটা নিয়েও দিল্লিতে নীতি-নির্ধারকরা একমত।

    ভারতে আশ্রয় পাওয়া বিদেশি অতিথিদের জন্য সরকার নিয়িমিত ডিব্রিফিং-এর আয়োজন করে থাকে। শেখ হাসিনাও তার ব্যতিক্রম নন এবং এই সেসনগুলোতে তাকে ভারতের এই মনোভাবের কথা তুলেও ধরা হয়েছিল।

    দু’পক্ষ বিষয়টি নিয়ে সহমত হওয়ার পরেই শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন।

    প্রত্যর্পণের অনুরোধ তাহলে ঝুলিয়ে রাখা কেন?

    শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ‘নোট ভার্বাল’ বা কূটনৈতিক বার্তার মাধ্যমে ভারতকে অনুরোধ জানিয়েছিল ২০২৪-এর ডিসেম্বরেই। এরপর একাধিকবার সেই মর্মে তাগাদাও দেওয়া হয়েছে।

    ভারত আজ পর্যন্ত সেই অনুরোধে কোনও সাড়া দেয়নি— হ্যাঁ বা না কিছুই বলেনি। কিন্তু ভারত যদি সত্যিই চায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরুন, তাহলে সে‌ অনুরোধ মেনে নিতে অসুবিধা কোথায়?

    এর উত্তরে ভারতের পর্যবেক্ষকরা বলছেন, শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের আস্থাভাজন ও পরীক্ষিত বিদেশি বন্ধু। তাকে এভাবে বন্দি হিসেবে বাংলাদেশের বিমানে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না।

    বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, অতীতে ‘হাতকড়া পড়িয়েও’ বিদেশ থেকে বন্দিদের ফেরত পাঠানোর নজির আছে।

    কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে ভারত সেরকম কিছু করবে– তা কল্পনারও অতীত।

    যদি সেটা করা হয় – তাহলে বিদেশে ভারতের মিত্র রাজনীতিকদের কাছে ভুল বার্তা যাবে। যেমন নেপালে, শ্রীলংকায় বা মালদ্বীপে কোনও নেতাই ভারতকে আর কখনও ভরসা করতে পারবেন না।

    তা ছাড়া শেখ হাসিনা যখন ২০২৪-র ৫ই অগাস্ট ভারতের মাটিতে পদার্পণ করেন, তিনি আদালতে দণ্ডিত অপরাধী ছিলেন না– ছিলেন প্রতিবেশী দেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী। ভারতের চোখে তার সেই ‘স্ট্যাটাসে’ কোনো পরিবর্তন হয়নি।

    ভারত ও বাংলাদেশের মধ্যেকার বন্দি প্রত্যর্পণ চুক্তিতে এমন অনেক আইনি ফাঁকফোকর আছে, যা কাজে লাগিয়ে কোনও অনুরোধ দিনের পর দিন ফেলে রাখা সম্ভব। বাংলাদেশের অনুরোধ নিয়েও ভারতও ঠিক সেরকম কিছুই করছে। এমনটাই বলা হয়েছে বিবিসির প্রতিবেদনে।

    তাহলে ভারত কী চায়, কোন শর্তে শেখ হাসিনা ফিরবেন?

    দিল্লিতে সরকারি কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত মূলত দুটো।

    প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে – তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।

    সেই প্রক্রিয়াটা আকাশপথেও হতে পারে, কিংবা স্থলপথে। মানে বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থল সীমান্তের কোনও পয়েন্টে এসেও সে দেশের সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে।

    এর জন্য দিল্লির তরফে যে ধরনের ‘লজিস্টিকাল’ প্রস্তুতি বা আয়োজন দরকার, ভারত সেটা করার জন্যও তৈরি আছে।

    দ্বিতীয় শর্তটা হল, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয় – বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।

    তবে এই দাবিটা যাতে বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে ব্যাপারেও ভারত অতি মাত্রায় সতর্ক থাকতে চাইছে এবং প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্যও করছে না।

    দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য, আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।

    সেই বিচার যাতে আন্তর্জাতিক বিশ্বের ও গ্লোবাল মিডিয়ার নজরদারিতে হয়, সেটাও ভারত নিশ্চিত করতে চাইবে বলে তিনি জানাচ্ছেন।

    এই দুটো শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে।

    দুই দেশের সেনাবাহিনীর ভূমিকা এখানে কতটা গুরুত্বপূর্ণ?

    অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী যখন কিছুটা আকস্মিকভাবে এক অনির্ধারিত সফরে দিল্লিতে আসেন, তখন প্রধানমন্ত্রী মোদী ছাড়াও তিনি দেখা করেছিলেন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও।

    ভারতের একটি শীর্ষ সামরিক সূত্র তখন বিবিসিকে বলেন, বাংলাদেশে আমাদের হাই কমিশনারের দিল্লিতে এসে আর্মি চিফের সঙ্গে দেখা করার এমনিতে কোনও কারণই নেই, যদি না বিশেষ কোনো পরিস্থিতিতে বিশেষ কোনো কারণ থাকে।

    তিনি আভাস দিয়েছিলেন, সেই কারণটা আর কিছুই নয় – শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সেনাবাহিনীরও একটা সক্রিয় ভূমিকা নিশ্চিত করা।

    বস্তুত গত দু-আড়াই বছরে ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কে যতই ওঠাপড়া থাক, দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে নিয়মিত যোগাযোগ থেকেছে এবং তাতে কখনোই কোনও ছেদ পড়েনি।

    ভারতে ঠিক এর আগের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে ও তার পূর্বসূরীরাও একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, চব্বিশের জুলাইয়ের আগে থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে তাদের প্রতি সপ্তাহে কথা হয় এবং হয়ে এসেছে।

    দুই সেনাবাহিনীর মধ্যে এই সহজ, স্বাভাবিক সম্পর্কটা শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রেও কাজে লাগানো হোক, এটাই আসলে ভারত চাইছে বলে ওই সূত্রটি ইঙ্গিত দিয়েছিলেন।

    তিনি তখন বলেছিলেন, দেশে ফিরে গেলে শেখ হাসিনার সুরক্ষা ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে না, এটাও তো ভারত নিশ্চিত করতে চাইবে। কারণ চাই বা না চাই, এই দায়িত্ব এই মুহুর্তে ভারতের কাঁধেই এসে পড়েছে।

    ফলে বাংলাদেশে ফিরে গেলে শেখ হাসিনার সুরক্ষা ও নিরাপত্তার ভার সে দেশের সেনাবাহিনীই নিক, এটাও ভারত চাইছে। এমনটাই বলা হয়েছে বিবিসির প্রতিবেদনে।

    ডিসেম্বরে শেখ হাসিনা কী আদৌ ফিরতে পারবেন, ভারত কী ভাবছে?

    এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া এই মুহুর্তে খুব কঠিন বলে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে। তবে এতে বলা হয়েছে, ভারত মনে করছে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে প্রধান বাধা অন্য জায়গায়।

    দিল্লিতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এই প্রতিবেদককে বলেছেন, তাদের ধারণা মুখে যতই বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাক – আসলে ঢাকা মোটেই চায় না সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরুন।

    জ্বালানি খাতের সংকট থেকে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ— বাংলাদেশ সরকার এমনিতেই নানা সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে শেখ হাসিনা ফিরলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে বলে তাদের আশঙ্কা, এমনটাই আমাদের মনে হচ্ছে, বলছেন সেখানকার কর্মকর্তারা।

    তার ওপর শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে অনেকগুলো ‘যদি’ বা ‘কিন্তু’ আছে – যেমনটা আগেই ব্যাখ্যা করা হয়েছে।

    বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই জিগস’ পাজলের সব টুকরো খাপে খাপে মিলে যাবে – তাও আগামী দু’তিন সপ্তাহের ভেতর – সেই সম্ভাবনা বেশ সুদূরপরাহত বলেই এই মুহুর্তে ধারণা করা হচ্ছে।

    ফলে অচিরেই ঘটনাপ্রবাহ যদি খুব নাটকীয় মোড় না নেয়, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ বলেই দিল্লিতে বেশির ভাগ পর্যবেক্ষকের অভিমত।

    এ সব বিষয়ে ভারতের কূটনৈতিক লাভ-ক্ষতির অঙ্কটা কী?

    বাস্তবতার কথা উল্লেখ করে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারত যেভাবে চাইছে সেভাবে শেখ হাসিনাকে দেশে ফেরানো কঠিন— এটা প্রথম দিন থেকেই দিল্লির জানা ছিল। তারপরেও শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা করেছেন, আর সেটা দিল্লির সায় নিয়েই করেছেন।

    এর কারণ হলো, দিল্লি মনে করছে যদি তিনি শেষ পর্যন্ত এখন নাও ফিরতে পারেন, তাতেও ভারতের সেই অর্থে হারানোর কিছু নেই।

    দিল্লির সাউথ ব্লকের এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, আমরা এটুকু তো তখন বলতেই পারব, শেখ হাসিনা নিজে থেকে ফিরতেই চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দিয়েছে বলেই সেটা সম্ভব হয়নি।

    পাশাপাশি শেখ হাসিনার ফেরার ঘোষণায় বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীরাও অনেক উজ্জীবিত বোধ করছেন, সেটাও বলাই বাহুল্য।

    ভারত যেহেতু চায় বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটুক, ফলে শেখ হাসিনার ফেরার ঘোষণার সেটাও একটা ইতিবাচক দিক বলে দিল্লি মনে করছে।

    এই বছরের ৩১শে ডিসেম্বর শেখ হাসিনা কোথায় থাকবেন তা বলা কঠিন – কিন্তু শেষ পর্যন্ত যদি তিনি ভারতের মাটিতেই থেকে যান, তার উপস্থিতিকে ‘জাস্টিফাই’ করার জন্য তাদের হাতে তখন বাড়তি যুক্তি থাকবে বলে দিল্লি মনে করছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Email
    Previous Articleওবায়দুল কাদেরের ভাই ও ভাতিজা গ্রেপ্তার
    Next Article না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে: আব্দুল হাই সাইফুল্লাহ

    আরও পড়ুন

    বাংলাদেশের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানল ভারত

    November 20, 2026 6:26 PM

    নিষিদ্ধ হলো টেলিগ্রাম!

    November 16, 2026 6:35 PM

    শেখ হাসিনাকে নিয়ে ভারতের প্রস্তাব নাকচ করল বাংলাদেশ

    November 15, 2026 5:18 PM

    যে ৫ কারণে বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা, জানাল এনডিটিভি

    November 15, 2026 3:40 PM
    Latest News

    ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

    November 21, 2026 6:25 AM

    মুক্তিপণ’ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বিএনপি নেতা

    November 20, 2026 8:33 PM

    দ্বিতীয় টেস্টের আগে ধাক্কা, দেশে ফেরানো হচ্ছে হাসান মাহমুদকে

    November 20, 2026 8:22 PM

    শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত

    November 20, 2026 7:00 PM

    বাংলাদেশের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানল ভারত

    November 20, 2026 6:26 PM

    রাজশাহীর দুই বিএনপি নেতার বাড়ি থেকে আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

    November 20, 2026 5:49 PM
    © 2026 Green Land

    Type above and press Enter to search. Press Esc to cancel.