জাতীয়রাজনীতিসারাদেশবিশ্ববাণিজ্যশিক্ষাখেলাবিনোদনস্বাস্থ্যচাকরিফিচারনির্বাচন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে ধাক্কা খেল বাংলাদেশ দল। চোটের কারণে পরের ম্যাচে খেলতে পারছেন না পেসার হাসান মাহমুদ। তাকে দেশে ফেরানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দ্বিতীয় টেস্টের আগে ধাক্কা, দেশে ফেরানো হচ্ছে হাসান মাহমুদকে
শুক্রবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিসিবি।
টেনিস এলবো চোট আগে থেকেই ছিল হাসানের। চোট কাটিয়ে মাঠে ফেরার পর টানা খেলার মধ্যে ছিলেন তিনি। গত আগস্টে অস্ট্রেলিয়া সফরের দুই টেস্ট দিয়ে শুরু। এরপর চার মাসে দেশে ও দেশের বাইরে মিলিয়ে ছয়টি টেস্ট খেলেছেন এই পেসার। এর বাইরে কাউন্টি ক্রিকেটেও খেলেছেন দুটি ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও কনুইয়ে টেপ পেঁচিয়ে বোলিং করতে দেখা যায় তাকে। তখনই চোটের অস্বস্তি ফিরে আসার কথা জানা যায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে মাথায়ও বলের আঘাত পান হাসান। ম্যাচ চলাকালে কয়েকবার কনুইয়ের অস্বস্তিতে মাঠের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হয় তাকে।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ৩০.৪ ওভার বোলিং করে ১১৮ রান দিয়ে চার উইকেট নেন হাসান। ম্যাচটিতে বাংলাদেশ ৯ উইকেটে হারে।
সেঞ্চুরিয়নে আগামী সোমবার শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্ট চলাকালেই সিদ্ধান্ত হয়েছিল, ওই ম্যাচে খেলবেন না হাসান। এবার তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

