Close Menu
New Press
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    New PressNew Press
    Subscribe
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলাধুলা
    • আলোচিত খবর
    New Press
    Home»International»যে ৫ কারণে বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা, জানাল এনডিটিভি
    International

    যে ৫ কারণে বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা, জানাল এনডিটিভি

    H.billalBy H.billalNovember 15, 2026 3:40 PMNo Comments6 Mins Read
    Facebook Twitter Pinterest Reddit Telegram LinkedIn Tumblr VKontakte WhatsApp Email
    Share
    Facebook Twitter Reddit Pinterest Email

    জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পর ব্যাপক অপতৎপরতায় নেমেছে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা ।

    ইতোমধ্যে ককটেল হামলা, যানবাহনে অগ্নিসংযোগ, জুলাই যোদ্ধাদের ওপর হামলা, গার্মেন্টস শ্রমিকদের উসকানি দিয়ে সহিংসতা ও রাস্তা অবরোধের চেষ্টা ইত্যাদির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে তারা। তবে নাগরিকদের জান-মালের নিরাপত্তায় সতর্ক আছে সরকারও। সামনে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ-প্রশাসনকে।

    এমন পরিস্থিতিতে শেখ হাসিনার ফিরে আসার বিষয়টি অনিশ্চিত। এ নিয়ে সম্প্রতি একটি বিশ্লেষণ প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

    সংবাদমাধ্যমটি বলছে, শেখ হাসিনা ও তার নেতাকর্মী-সমর্থকরা প্রত্যাবর্তন চাইলেও সরকারের চাওয়া ভারতের সঙ্গে থাকা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে প্রত্যর্পণ। তবে বাংলাদেশের এই অবস্থানের সঙ্গে ভারত একমত হওয়ার সম্ভাবনা নেই এবং শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার বিষয়টিও অবান্তর। ভারতের অবস্থান স্পষ্ট—শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই ভারতে পা রেখেছিলেন। তিনি যখন ক্ষমতায় ছিলেন, তখনই তাকে ভারতে নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছিল। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে করে, বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে তাকে ভারতে নেওয়া হয় এবং কার্যত নয়াদিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে নামিয়ে দেওয়া হয়।

    যদিও ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তবুও শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার সম্পন্ন হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তা বিবেচনায় নিলে এই চুক্তির শর্তানুযায়ী তাকে প্রত্যর্পণ করার সম্ভাবনা খুবই কম বলে একটি সূত্র জানিয়েছে এনডিটিভিকে।

    এছাড়া, বাংলাদেশে কট্টরপন্থীদের কাছ থেকে প্রাণনাশের হুমকির মুখে আছেন শেখ হাসিনা। তিনি যখন ক্ষমতায় ছিলেন, তখন তার প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও কারাবন্দি করা হয়েছিল। পরবর্তীতে তাকে গৃহবন্দি করে রাখা হয়। এনডিটিভির বিশ্লেষণ বলছে, বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে, যা ক্ষমতায় থাকা দল নির্বিশেষে সবসময়ই দেখা গেছে। ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত ব্যক্তিগত বাসভবনে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানসহ পুরো পরিবার হত্যাকাণ্ডের শিকার হন। কেবল হাসিনা ও তার বোন শেখ রেহেনা তখন দেশের বাইরে থাকায় এই হত্যাকাণ্ড থেকে বেঁচে যান।

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, তখন বাংলাদেশের বয়স ছিল মাত্র চার বছর। সেনাবাহিনীর কিছু কর্মকর্তা ট্যাংক ও স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে তার বাসভবনে হামলা চালায় এবং তার পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যা করে। বাংলাদেশে চরমপন্থী ও উগ্রবাদী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে শেখ হাসিনার জীবনের প্রতি হুমকি রয়েছে—যাদের আগের প্রশাসন প্রশ্রয় দিয়েছিল। ফলে, তাকে ফিরিয়ে আনার (প্রত্যর্পণ) বিষয়ে যেকোনো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বাংলাদেশের ইসলামপন্থী উগ্রবাদীদের কাছ থেকে তার জীবনের প্রতি এই হুমকি।

    ১৯৮১ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের একটি সরকারি অতিথি ভবনে অবস্থানকালে বিদ্রোহী কর্মকর্তাদের হাতে নিহত হন। সেনাবাহিনীর একটি ছোট দল এই সহিংস ঘটনাটি ঘটিয়েছিল। বাংলাদেশে সেনাবাহিনীর বিতর্কিত অতীত এবং ২০২৪ সালে ঢাকা থেকে শেখ হাসিনার চলে যাওয়ার পরিস্থিতির প্রেক্ষাপটে, এই মুহূর্তে তাকে ফিরিয়ে আনার বিষয়টি অবাস্তব বলেই মনে হচ্ছে এনডিটিভির কাছে।

    এনডিটিভি জানায়, প্রত্যাবর্তন চাইলে শেখ হাসিনার সামনে কেবল দুটি পথ খোলা আছে— পাসপোর্ট অথবা ট্রাভেল পাস। রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার শেখ হাসিনার পক্ষ থেকে একটি নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য অনুরোধ জানানো হয়েছে (যদিও শেখ হাসিনা ওই আবেদন করেছেন কিনা সেটি নিশ্চিত নয়) দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এ ধরনের আবেদন তার এই প্রথম। ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনার অংশ হিসেবে এটি তার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ ছিল। দীর্ঘ শাসনের অবসান ঘটানো সেই জুলাই অভ্যুত্থানের দুই বছরেরও বেশি সময় পর তার এই উদ্যোগ এমন এক দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনার সম্ভাবনা তৈরি করেছে, যেখানে তার দলের কার্যক্রম এখন নিষিদ্ধ।

    বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, সরকার শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না। তিনি পাসপোর্টের এই আবেদনকে শেখ হাসিনার একটি ‘রাজনৈতিক কৌশল’ বা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে অভিহিত করেছেন।

    হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না। আমরা তাদের (সন্ত্রাসীদের) হস্তান্তর করার জন্য বলেছি।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন স্পষ্ট বক্তব্যের পর শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা যেমন ক্ষীণ দেখাচ্ছে, তেমনি ভারত তাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবে — সেই সম্ভাবনাও অনেক কম।

    এনডিটিভি বলছে, ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করতে হলে সংশ্লিষ্ট অপরাধটি ভারত ও বাংলাদেশ—উভয় দেশের আইন অনুযায়ী অন্তত এক বছরের কারাদণ্ডযোগ্য হতে হবে। শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে; কিন্তু ‘মানবতাবিরোধী অপরাধ’ বিষয়টি অস্পষ্ট এবং ভারতের বর্তমান ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (বিএনএস) আইনে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত বা বিধিবদ্ধ নয়।

    চুক্তিটিতে ‘দ্বৈত অপরাধযোগ্যতা’র শর্ত রয়েছে। এর অর্থ হলো, যে অপরাধের জন্য প্রত্যর্পণ চাওয়া হচ্ছে, তা উভয় দেশের অভ্যন্তরীণ আইন অনুযায়ীই অপরাধ হিসেবে গণ্য হতে হবে (যদিও অপরাধের আইনি নাম বা সংজ্ঞা ভিন্ন হতে পারে)। এছাড়া, প্রত্যর্পণের অনুরোধগুলো অবশ্যই আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হতে হবে।

    প্রত্যর্পণ চুক্তিতে এমন কিছু পরিস্থিতির উল্লেখ রয়েছে, যেখানে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে। এর মধ্যে একটি হলো—যদি অপরাধটি রাজনৈতিক প্রকৃতির হয়, তবে সেক্ষেত্রে প্রত্যর্পণের সম্ভাবনা খুবই কম। হাসিনার বিষয়টি রাজনৈতিক প্রকৃতির এবং এটি মূলত বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। তবে এখানে একটি ব্যতিক্রম রয়েছে; গুরুতর সহিংস অপরাধ—যেমন হত্যা, নরহত্যা, শারীরিক আক্রমণ, সন্ত্রাসবাদ-সংক্রান্ত কর্মকাণ্ড এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের মতো অপরাধগুলোকে ‘রাজনৈতিক অপরাধ’ হিসেবে গণ্য করা হবে না (অর্থাৎ এগুলোর ক্ষেত্রে প্রত্যর্পণ সম্ভব হতে পারে)। বাংলাদেশ সরকার সাবেক এই প্রধানমন্ত্রীকে ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেছে।

    চুক্তি অনুযায়ী, যদি এমনটি প্রতীয়মান হয় যে, বিচারিক প্রক্রিয়াটি সদিচ্ছাপ্রণোদিত নয়, তুচ্ছ কোনো বিষয়ের ওপর ভিত্তি করে করা হয়েছে, অথবা তা ন্যায়বিচারের স্বার্থের পরিপন্থী—তবে সেক্ষেত্রেও প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে।

    আরেকটি গুরুত্বপুর্ণ বিষয় হলো— বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যখন লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন, তখন তার কাছে কোনো বাংলাদেশি পাসপোর্ট ছিল না। দেশে ফেরার জন্য তিনি একটি ‘ট্রাভেল পাস’-এর আবেদন করেছিলেন এবং লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তা জমা দিয়েছিলেন। লন্ডনে থাকাকালীন তারেক রহমান তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তা আর নবায়ন করেননি।

    ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তারেক রহমান সপরিবারে যুক্তরাজ্যে চলে যান এবং ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরার আগ পর্যন্ত সেখানেই অবস্থান করেন। শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করে নেওয়া হয়, যা তার দেশে ফেরার পথ প্রশস্ত করে। তারেক রহমান তার দেশে ফেরার এক সপ্তাহেরও কম সময় আগে ‘ট্রাভেল পাস’ পেয়েছিলেন। তবে তা সম্ভব হয়েছিল তার বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহার হওয়ার পরেই।

    কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি বিরাজ করছে; কারণ তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ডিত হয়েছেন এবং তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর রয়েছে।

    মূলত, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনার ভারতে অবস্থান একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার তাকে আইন ও চুক্তি অনুযায়ী প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনার ওপর জোর দিচ্ছে, যাতে কোনো বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি না করেই তাকে ফিরিয়ে আনা যায়। আর এর জন্য আরও সময় এবং কূটনৈতিক আলোচনার প্রয়োজন হতে পারে।

    এনডিটিভির মতে, বাংলাদেশের ভারতবিরোধী গোষ্ঠী ও উগ্রবাদী শক্তিগুলো শেখ হাসিনার দীর্ঘস্থায়ী অবস্থানকে কাজে লাগিয়ে ভারতকে লক্ষ্যবস্তু করছে। ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্টি সরকারের সময়ে উৎসাহিত হওয়া এসব উগ্র ভারতবিরোধী গোষ্ঠীর তৎপরতার একটি সমাধান খুঁজছে বাংলাদেশ ও ভারত—উভয় পক্ষই। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, শেখ হাসিনা সংক্রান্ত ইস্যুটিকে কেন্দ্র করে দ্বিপাক্ষিক সম্পর্ক জিম্মি হওয়া উচিত নয়।

    ভারতীয় সংবাদমাধ্যমটিকে সূত্র জানিয়েছে, তারেক রহমানের সরকার শেখ হাসিনার প্রতি ‘নরম’ মনোভাব পোষণ করছে—এমনটা দেখাতে চায় না। একইসঙ্গে, তারা এমন কোনো রাজনৈতিক অস্থিরতার দায়ও নিতে চায় না, কিংবা অতীতের মতো এমন কোনো পরিস্থিতির পুনরাবৃত্তিও চায় না, যেখানে দেশের সাবেক নেতৃত্বকে হত্যার মাধ্যমে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল। বাংলাদেশের বর্তমান নেতৃত্ব কোনোভাবেই চায় না যে, শেখ মুজিবুর রহমান বা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষেত্রে যা ঘটেছিল, তার পুনরাবৃত্তি হোক।

    সব মিলিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়টি অত্যন্ত অসম্ভব ও অবিশ্বাস্য বলে মনে করছে এনডিটিভি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Email
    Previous Articleবাজার থেকে এনে যে ৫ খাবার ভুলেও ফ্রিজে রাখবেন না?
    Next Article শেখ হাসিনাকে নিয়ে ভারতের প্রস্তাব নাকচ করল বাংলাদেশ

    আরও পড়ুন

    বাংলাদেশের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানল ভারত

    November 20, 2026 6:26 PM

    নিষিদ্ধ হলো টেলিগ্রাম!

    November 16, 2026 6:35 PM

    শেখ হাসিনাকে নিয়ে ভারতের প্রস্তাব নাকচ করল বাংলাদেশ

    November 15, 2026 5:18 PM

    ১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

    November 14, 2026 6:16 PM
    Latest News

    বাংলাদেশের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানল ভারত

    November 20, 2026 6:26 PM

    রাজশাহীর দুই বিএনপি নেতার বাড়ি থেকে আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

    November 20, 2026 5:49 PM

    কিশোরীর সঙ্গে ‘ফ্রি সময়’ কাটানোর প্রস্তাব প্রধান শিক্ষকের

    November 20, 2026 4:56 PM

    গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে ইউনিয়ন জামায়াত নেতার পদত্যাগ

    November 20, 2026 3:37 PM

    গোপালগঞ্জে আনসার সদস্যদের খাবার ছিনিয়ে নিয়ে নিজেদের বিতরণ বলে প্রচার ছাত্রলীগের

    November 20, 2026 2:39 PM

    রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

    November 20, 2026 11:45 AM
    © 2026 Green Land

    Type above and press Enter to search. Press Esc to cancel.