চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন স্লোগান লেখার ঘটনায় ছয় ছাত্রীর লিখিত বক্তব্য নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযুক্ত ছাত্রীদের দাবি, কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়, মজা করেই তারা এসব স্লোগান লিখেছে। তবে তাদের বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
শুক্রবার (৬ নভেম্বর) জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযুক্ত ছাত্রী ও তাদের অভিভাবকদের কাছ থেকে লিখিত বক্তব্য নেয়া হয়। পরে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিদ্যালয়ের সামনের একটি গলিতে বসতবাড়ির দেয়ালে কয়েকজন ছাত্রীর ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন স্লোগান লেখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রথমে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ও সপ্তম শ্রেণির চার ছাত্রীকে শনাক্ত করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সপ্তম শ্রেণির আরও এক ছাত্রী এবং ঘটনার নেপথ্যে অষ্টম শ্রেণির এক ছাত্রীর সম্পৃক্ততার অভিযোগ সামনে আসে।
শুক্রবার বিদ্যালয় কর্তৃপক্ষের ডাকে ছয় ছাত্রী ও তাদের অভিভাবকরা উপস্থিত হন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম তারিক উজ্জামান এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ফাহাদ চৌধুরী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ছাত্রীরা দাবি করে, রাজনৈতিক কোনও উদ্দেশ্য বা কারও প্ররোচনায় নয়, বরং ইয়ার্কির ছলে তারা দেয়ালে এসব লিখেছে। তাদের পরিবারের সদস্যরাও কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে জানানো হয়।
তবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী জানায়, ঘটনার সময় ক্যামেরার পেছনে থাকা অষ্টম শ্রেণির এক ছাত্রী তাদের দেয়ালে স্লোগান লেখার নির্দেশ দিয়েছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম জানান, অভিযুক্তদের মধ্যে একজন দেয়ালে লেখার বিষয়টি স্বীকার করেছে। অন্যরা দাবি করেছে, তারা শুধু ঘটনাস্থলে উপস্থিত ছিল। দেয়ালে কী লেখা হবে, সে বিষয়ে তাদের কোনও ধারণা ছিল না।
তবে ছাত্রীদের এমন বক্তব্যে পুরোপুরি সন্তুষ্ট নন প্রধান শিক্ষক। তিনি বলেন, ভিডিওতে ছাত্রীদের আচরণ দেখে ঘটনাটি নিছক মজা বলে মনে হয়নি। এমনকি একজনকে উত্তেজিত অবস্থায় স্লোগান দেয়ার ভঙ্গিতেও দেখা গেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার নেপথ্যে থাকার অভিযোগ ওঠা অষ্টম শ্রেণির ছাত্রীর বক্তব্য সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। তার বক্তব্য পাওয়ার পর পুরো ঘটনার প্রতিবেদন তৈরি করে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ছাত্রীর কাছ থেকে মুচলেকা নেয়া হয়নি। কেবল আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে লিখিত বক্তব্য সংগ্রহ করা হয়েছে। পরবর্তী সময়ে বিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সুপারিশ ও প্রচলিত বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ দিকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে জেলা ও পুলিশ প্রশাসন।

