পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন স্থানীয় এক সংবাদকর্মী। ভাঙচুর করা হয়েছে তার ক্যামেরা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যান। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেয়া হয়। এরপর বিএনপি ও নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এসব ঘটনার জের এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দুই দিন ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগরপাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় উভয় পক্ষের বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় উত্তেজনা বিরাজ করছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

